বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
মন্তব্যসমূহ