দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
মন্তব্যসমূহ