ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
শক্তিশালী এই কম্পনে বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো জানিয়েছেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের বেশিরভাগ সিক্কা, মাঙ্গারাই ও পূর্ব মাঙ্গারাই এলাকার। আহত অবস্থায় অন্তত ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ১৫৭টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। আরও প্রায় ২০০ বাড়িতে ফাটলসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের কারণে প্রায় দুই হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছিল। পরে সমুদ্রে ক্ষতিকর অস্বাভাবিক ঢেউয়ের লক্ষণ না পাওয়ায় সেই সতর্কতা প্রত্যাহার করে ইন্দোনেশিয়ার আবহাওয়া কর্তৃপক্ষ।
এদিকে ভোরের শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: সিবিএস নিউজ
মন্তব্যসমূহ