বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একই সঙ্গে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আদালত চত্বরে প্রবেশের প্রধান ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
আরেক আইনজীবী এইচ এম তসলিম উদ্দিন বলেন, যারা সহিংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, সিআইডির একটি দল ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বরে সতর্ক অবস্থানে রয়েছেন।
মন্তব্যসমূহ