মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. লোকমান হোসেন (৪০) দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট পদ্ম মনসা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)।
লোকমান হোসেন ওই গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে। এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি সূত্র জানায়, ২০১২ সালে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটির বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার আগেই তিনি আত্মগোপনে চলে যান। পরে তাকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে পরোয়ানা জারি করা হয়।
ওই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠানো হয়। এরপর লোকমানের অবস্থান শনাক্তে মাঠপর্যায়ের তথ্যের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি দল কুঞ্জেরহাট পদ্ম মনসা গ্রামে অভিযান চালায়। অভিযানে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
মন্তব্যসমূহ