সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং ওই কারখানায় কর্মরত ছিলেন।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবের একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে সাত বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে নিহতের সংখ্যা ১৫, ১৭ বা ১৯ জন বলে দাবি করা হলেও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি।
একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে আত্রাই উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারগুলোতে চলছে কান্না ও আহাজারি। স্বজনদের হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।