বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের দেশটির স্থানীয় আইন, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার আহ্বান জানিয়েছে মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রবাসীদের দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে দেওয়া এক নির্দেশনায় দূতাবাস এসব পরামর্শ দেয়।
নির্দেশনায় বলা হয়েছে, বাহরাইনের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। পাশাপাশি দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থলসংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।
অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইন প্রতারণা ও ফিশিংয়ের মতো সাইবার ঝুঁকি থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
যেসব বিষয় এড়িয়ে চলতে বলা হয়েছে
নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও কিংবা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন ও ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে বাহরাইনের স্থানীয় আইন লঙ্ঘনের আশঙ্কা রয়েছে—এমন উসকানিমূলক বা বিতর্কিত কনটেন্ট শেয়ার ও প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ অনুদান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থানের ছবি বা ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাসীদের নিজেদের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ না করার বিষয়েও সতর্ক করেছে দূতাবাস।
এ ছাড়া ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য কিংবা অনলাইন বিতর্কে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসার প্রলোভন, দ্রুত আয়ের প্রতিশ্রুতি, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত প্রতারণা থেকেও দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।