নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান। এছাড়া চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিট প্রধানরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় পানিসম্পদমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। ভবিষ্যতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তাদের মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং পাহাড় কাটা বন্ধসহ জনস্বার্থে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নগর ও জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান পানিসম্পদমন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়েও কথা বলেন।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে নগরের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। নগরের বিভিন্ন সেবাদানকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে উচ্ছেদ করা স্থানগুলো স্থায়ীভাবে ব্যবস্থাপনার আওতায় রাখতে হবে। তা না হলে কিছুদিন পর আবারও সেখানে দখল ও বিশৃঙ্খলা ফিরে আসতে পারে।