সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ আলসাইম কোম্পানির অধীনে জেদ্দার একটি ব্যাংকে টিই-বয় হিসেবে কর্মরত ছিলেন। তিনি রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগমের একমাত্র সন্তান।
পরিবার ও প্রবাসীদের তথ্য অনুযায়ী, আহত অবস্থায় সৌরভ নিজের বাসার ছাদে অবস্থান করছিলেন। তখন ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জেদ্দার দিকে আসতে দেখে আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পা অথবা রশি পেঁচিয়ে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সকালে স্থানীয় পুলিশকে খবর দেওয়ার পর মরদেহ উদ্ধার করা হয় এবং আইনগত প্রক্রিয়া চলছে।
মৃত্যুর খবর পেয়ে নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমেছে। নিহতের মা রেনু বেগম ও বাবা আমির ইসলাম সরকারকে দ্রুত মরদেহ দেশে আনার জন্য আবেদন করেছেন। তারা ছেলের শেষকৃত্যে অংশ নিতে চান।
সৌরভের স্বজনরা জানান, তিনি অতি নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের যুবক ছিলেন। ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ায় মৃত হন। তারা সরকারের সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হলে মরদেহ বাংলাদেশে আনার জন্য সকল ধরনের সহায়তা প্রদান করা হবে।