জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সময় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান ও আন্দ্রেজ প্লেনকোভিচ।
বৈঠকে জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো।