পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। পরে বিজিবির কাছে হস্তান্তরের পর তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।
দীপঙ্কর গোপ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। তিনি পেশায় একজন চা শ্রমিক।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সীমান্ত অতিক্রম করে বিরাজোত এলাকার একটি আখখেতে ঢোকেন দীপঙ্কর। সেখানে আখ নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন।
এ সময় তাকে ভারতের কাছে ফেরত দেওয়ার বিনিময়ে কয়েক দিন আগে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ৭৮ বছর বয়সী তমিজ উদ্দিনকে ফেরত দেওয়ার দাবি জানান স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি।
পরে স্থানীয়রা দীপঙ্কর গোপকে বিজিবির কাছে হস্তান্তর করেন। রোববার বিকেলে পতাকা বৈঠক শেষে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।