সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে বিগত সরকারের সময়ে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। একই সঙ্গে দুর্নীতি বন্ধ করে পরিকল্পিতভাবে সরকারি কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের সহযোগিতায় বিপুল পরিমাণ অর্থের অনিয়ম ও লুটপাট হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধেও তিনি দেশের ক্ষতি করার অভিযোগ তোলেন।
আহম্মদ সোহেল মনজুর বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দুর্নীতি বন্ধ করা এবং দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনা। এজন্য সরকারি প্রতিটি কাজ সঠিক পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হলে কাজের গতিও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের নগদ অর্থ ও ঢেউটিন দেওয়া হয়।
পরে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন আহম্মদ সোহেল মনজুর। দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিলটির আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।
প্রতিমন্ত্রীর নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে ভাণ্ডারিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।