অনলাইনে হুমকি বা হুংকার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেছেন, গুম-খুনসহ বিভিন্ন অপরাধের বিচার নিশ্চিত করতে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার ধান মহলে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছে। তার দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করেছে। এই গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে লুটপাট ও সন্ত্রাসের মাধ্যমে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দেশ পুনর্গঠন, জনগণের সমস্যা সমাধান এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অস্থিতিশীল পরিস্থিতি চায় না। বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ সময় ময়মনসিংহ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।