জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, আক্কেলপুর উপজেলার বিভিন্ন পাচারকারী চক্রের কাছে কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসব মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি চক্র মজুত করেছে বলে তথ্য পায় বিজিবি।
এর ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং এসআরবির সমন্বয়ে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রথমে শ্রী মুকুল চন্দ্র মন্ডল ও মো. কামাল হোসেনকে পাথরসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত কষ্টিপাথর পাচারকারী মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আটক ব্যক্তিদের পাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।
অভিযানে উদ্ধার করা মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। বিজিবির হিসাবে এর আনুমানিক মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলাটি বিজিবি তদন্ত করবে।