মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় একটি শহীদ মিনার থেকে শিহাব হোসেন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ্য স্থানে এভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও রহস্য তৈরি হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে জাগীর ব্রিজের পাশে অবস্থিত শহীদ মিনারে স্থানীয়রা শিহাবের মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শিহাব হোসেন জাগীর ইউনিয়নের বাসিন্দা মো. সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি মাছের দোকানে কাজ করত।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে শিহাব রাতে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিল। শনিবার রাতে খাবার খাওয়ার পর সে আবার বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, সে হয়তো বন্ধুর বাড়িতেই রয়েছে।
তবে শিহাবের পরিবার ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তাদের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হতে পারে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।