ঝালকাঠির বিখ্যাত ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা বাগান ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি ভীমরুলীর ঐতিহ্যবাহী বাজারে পৌঁছান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন।
পরে ছোট নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। স্থানীয় পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি বাজারের বেচাকেনা ও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
ভীমরুলীর পেয়ারা বাগান ও বাজার পরিদর্শন শেষে ট্রলারে করে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এই বিশেষ ভাসমান বাজারে আসতে পেরে তিনি আনন্দিত। নদীর ওপর নৌকায় ঘুরে পেয়ারা বাজারের অভিজ্ঞতা তার কাছে ব্যতিক্রমী ও উপভোগ্য মনে হয়েছে।
তিনি জানান, পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন এবং গাছ থেকে কীভাবে পেয়ারা সংগ্রহ করা হয়, সেই প্রক্রিয়াও দেখেছেন। পাশাপাশি স্থানীয় পেয়ারা খেয়ে এর স্বাদ নিয়েছেন।
বরিশালের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে তিনি বলেন, ‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল’ কথাটি যথার্থ। নদী, মানুষ ও পেয়ারা বাগান ঘিরে গড়ে ওঠা ভীমরুলীর পরিবেশ তাকে মুগ্ধ করেছে।