কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের জন্য তিনি সেখানে যান।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে তারেক রহমান মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
তিনি আরও জানান, এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় মানুষের পুনর্বাসন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে।