জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এতে অংশ নেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে একাধিক আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে একটি বিশেষ প্রাতরাশের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ওই প্রাতরাশে অংশ নেন।
দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিবের আয়োজিত প্রাতরাশ এবং রাতে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজ—দুটি কর্মসূচিতেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।