নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের (সিজিআই) ২০২৬ সালের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২২ ও ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত এবারের সিজিআই বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনের প্রথম দিনের মূল অধিবেশন ‘হাউ ডু উই গেট ইট রাইট?’-এর অংশগ্রহণকারীদের তালিকায়ও তার নাম রয়েছে।
অধ্যাপক ইউনূসের ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে বিল ক্লিনটনের সম্পর্ক বেশ পুরোনো। আরকানসাসের গভর্নর থাকাকালে ক্লিনটন নিম্নআয়ের মানুষের জন্য ক্ষুদ্রঋণের ধারণা নিয়ে ইউনূসের সঙ্গে কাজ করেছিলেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে ক্ষুদ্রঋণভিত্তিক উদ্যোগ সম্প্রসারণেও এ সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
হিলারি ক্লিনটনও দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দারিদ্র্য হ্রাসে এ ধরনের আর্থিক উদ্যোগের ভূমিকা নিয়ে কথা বলেছেন।
১৯৯৫ সালে বাংলাদেশ সফরের সময় হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সরেজমিনে দেখেছিলেন। মেয়ে চেলসি ক্লিনটনকে সঙ্গে নিয়ে ওই সফরে তিনি ক্ষুদ্রঋণ গ্রহণকারী নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবার ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব সম্পর্কে ধারণা নেন।
এবারের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ সম্মেলন ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে। বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন ও চেলসি ক্লিনটনের উদ্যোগে আয়োজিত দুই দিনের এ সম্মেলনে সরকার, ব্যবসা ও নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন।