দেশের বাড়তে থাকা জ্বালানি চাহিদা সামাল দিতে কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এসব এলএনজি কেনা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৪৬তম সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত দুটি এলএনজি কার্গোর একটি আগামী ৬ নভেম্বর এবং অন্যটি ২২ নভেম্বর বাংলাদেশে সরবরাহ করার কথা রয়েছে।
সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের তুলনায় শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম ধরে নির্ধারণ করা হয়েছে। এই মূল্য বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত দামের তুলনায় ভিন্ন পদ্ধতিতে নির্ধারিত হয়েছে।
দুই কার্গো এলএনজির সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ক্রয়সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছিল।
সরকারের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমানো এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে অতিরিক্ত এলএনজি আমদানি করা হচ্ছে।