দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত বেড়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে শুক্রবার সকালে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এক দিনের ব্যবধানেই এবার আবার দাম বাড়ানো হলো।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা দরে বিক্রি হচ্ছে।