গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর বাড়ানো প্রয়োজন। খেলাধুলার চর্চার মাধ্যমে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখার সুযোগ হয়েছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে সেই নির্মল আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী নৌকাবাইচের মতো আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পুরোনো সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসতে পারে।
তিনি দেশের মানুষকে রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনযাত্রার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শিবপুরের যোশর বাজারে আয়োজিত নৌকাবাইচকে ঘিরে নদীর দুই তীরে মানুষের ব্যাপক সমাগম ঘটে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরাও প্রতিযোগিতা উপভোগ করেন।
আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে মঈন খান বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন।