মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার (৭ আগস্ট) মক্কায় তিন দেশের নেতারা এই চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায়, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের যৌথ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে। আক্রান্ত দেশের পাশে দাঁড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হবে এই চুক্তির মূল লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে এই চুক্তি তিন দেশের কৌশলগত সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে পারে।
এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কোনো যুদ্ধ বা অন্য দেশের ভূখণ্ড দখলের নীতি অনুসরণ করতে চায় না। তবে তিনি বলেন, কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে ইরান আত্মসমর্পণ করবে না।
অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নজরদারি ও অবরোধ কার্যক্রম অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ পুনরায় শুরুর পর বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং কিছু জাহাজে তল্লাশি চালানো হয়েছে।
এর মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিতে নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।