মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সফরের আগেই তিনি নিউইয়র্কে পৌঁছান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এদিন ভোরে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়েন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাওয়া তেহরানের সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা হবেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইরানি প্রতিনিধিদলের যোগাযোগ দলের সদস্যসহ কয়েকজনকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। অন্যদিকে, আরাগচি রোববার সন্ধ্যায় ইরান ছাড়েন। নিউইয়র্কে যাওয়ার পথে তিনি কাতারে যাত্রাবিরতি করেন।
নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন আরাগচি। ফোনালাপে সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ইরানি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাগচি বলেন, ‘ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন আরাগচি।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেওয়া হলেও তাদের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিউইয়র্কে অবস্থানকালে ইরানি প্রতিনিধিদল বিলাসবহুল পণ্যসহ নির্দিষ্ট কিছু সামগ্রী কিনতে পারবে না।
এরই মধ্যে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান কিছু শর্ত পাঠিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই তেল ও গ্যাস পরিবহনপথ কার্যত বন্ধ করে রেখেছে তেহরান।
অন্যদিকে, ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধ আরোপ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রতিনিধিদলের অংশগ্রহণ যুদ্ধ, কূটনৈতিক সম্পর্ক এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে।