মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে কূটনৈতিক তৎপরতার মধ্যে দুই দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। সফরকালে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।
সরকারি সূত্র অনুযায়ী, বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তা।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে ইসলামাবাদ বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির একটি শান্তিপূর্ণ, সর্বাত্মক ও টেকসই সমাধান খুঁজে বের করতে পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ও সৌদি আরবের এই উচ্চপর্যায়ের বৈঠক আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।