তেহরান–ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারা বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চুক্তির প্রথম ধারা বাস্তবায়িত না হওয়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার প্রধান ইস্যু হবে।
রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠকের আগে তিনি এ কথা বলেন।
বাঘাই বলেন, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য পাঁচটি নির্দিষ্ট শর্ত রয়েছে। এর মধ্যে প্রথম শর্ত হলো সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ড বন্ধ করা। তবে তিনি অভিযোগ করেন, এই শর্ত এখনো পূরণ হয়নি।
তিনি আরও বলেন, “আমরা জানি এই ধারা বাস্তবায়িত হয়নি। যুক্তরাষ্ট্র হয় এটি বাস্তবায়ন করতে পারেনি, অথবা ইচ্ছাকৃতভাবে করেনি। ইসরায়েল এখনো তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে যাচ্ছে। আজকের আলোচনার মূল বিষয় এটিই।”
ইরানি মুখপাত্র দাবি করেন, এই বৈঠক যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তেহরানের গুরুত্ব ও আন্তরিকতার প্রতিফলন। তার ভাষায়, “আমরা কখনোই এমন কোনো নথিতে স্বাক্ষর করিনি যেখানে ধরে নেওয়া হবে অপর পক্ষ স্বয়ংক্রিয়ভাবে সব শর্ত বাস্তবায়ন করবে। অতীত অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি।”
এর আগে গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়ালি ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে জানা যায়। ওই চুক্তির মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা প্রশমনের পথ তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে। এতে সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩০ দিনের মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: প্রেস টিভি