জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ আরও বাড়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইডেনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
আলোচনায় জুলাই সনদ, গণভোটের রায়ের বাস্তবায়ন, সাম্প্রতিক আলোচিত বিভিন্ন অধ্যাদেশের সম্ভাব্য প্রভাব নিয়েও মতবিনিময় হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেট, কর কাঠামোর সংস্কার, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং সুইডেনের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন।
অন্যদিকে ডা. শফিকুর রহমানের পক্ষে বৈঠকে অংশ নেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।