চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির পশু কেনার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি চাকরি দেওয়ার আশ্বাস, মামলাভুক্ত ব্যক্তিদের জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, ভুয়া ব্যবসায় বিনিয়োগ এবং গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, গুলশান থানায় গত বছরের ২৩ ডিসেম্বর গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে ছিলেন এবং একাধিকবার স্থান পরিবর্তন করেন।
ডিএমপি কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি গুলশান-১ এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। এরপর শুক্রবার রাতে অভিযান চালানো হয়। প্রায় ১৮ ঘণ্টার ধারাবাহিক অভিযানের পর শনিবার দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি ওই বাড়ির ভেতরে একটি গোপন সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন। পরে দীর্ঘ অভিযানের পর তাকে আটক করা সম্ভব হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং প্রতারণার পুরো চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।