আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ জুন (বুধবার) সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। এছাড়া ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেবেন।
একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে সভাটিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।