সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। প্রকল্প দুটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪২৩ কোটি টাকা।
বুধবার (২৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় সেতু দুটিকে নতুন প্রকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। পিপিপির নিয়ম অনুযায়ী ভূমি অধিগ্রহণের ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।
প্রস্তাবিত ভোলা-বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে ১০ দশমিক ৮৬ কিলোমিটার। ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা ব্যয়ের সেতুটি নির্মিত হলে এটিই হবে দেশের দীর্ঘতম সেতু। ২০৩৩ সালের মধ্যে এর নির্মাণ শেষ করার লক্ষ্য রয়েছে।
অন্যদিকে, মেঘনা নদীর ওপর আট কিলোমিটার দীর্ঘ শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৯৫৭ কোটি টাকা। সেতুটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলার সরাসরি যোগাযোগ স্থাপন করবে। এতে খুলনা ও চট্টগ্রামের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমবে। প্রকল্পটি ২০৩২ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত প্রতিষ্ঠান নির্বাচনের আগে সম্ভাব্যতা সমীক্ষা ও প্রস্তাব মূল্যায়ন করা হবে। এরপর নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার।