ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। জর্ডানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর কিছুক্ষণ আগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা শেষ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, দুই ঘণ্টার বেশি সময় ধরে চালানো অভিযানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো, উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা এবং সামুদ্রিক স্থাপনা ছিল। জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের আগের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপে মার্কিন হামলায় অন্তত তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এর আগে ইরাকে ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইরাকি কর্তৃপক্ষের হিসাবে ওই হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
এদিকে মিসরের দামিয়াত্তা বন্দরে থাকা গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। তবে হামলার জন্য কারা দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি। অঞ্চলজুড়ে একের পর এক হামলা ছড়িয়ে পড়ায় সংঘাত আরও বড় পরিসরে বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
সূত্র : এপি