ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং বিমান যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ। তার মতে, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।
বৈঠকে বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ব্রুনাইয়ের হাইকমিশনার বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আম রপ্তানির সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের চেম্বার অব কমার্স, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে একটি যৌথ ব্যবসায়ী গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।