দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার একপর্যায়ে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্য শোনেন।
সভায় টেক্সটাইল খাতে গ্যাস সরবরাহের ঘাটতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, শিল্প উৎপাদন ব্যাহত হলে অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে সমস্যা চিহ্নিত করতে হবে এবং দ্রুত বাস্তবসম্মত সমাধান বের করতে হবে।
সভা শেষে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে আরেকটি বৈঠক আয়োজনের নির্দেশ দেন তিনি। ওই সভায় শিল্প খাতের সমস্যাগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এর আগে ২২ জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকাত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। ওই সময় তারা টেক্সটাইল শিল্পের গ্যাস সংকট, উৎপাদন খরচ এবং নীতিগত জটিলতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর শিল্প খাতের সমস্যা পর্যালোচনা এবং সমাধানের প্রস্তাব তৈরির জন্য উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় বুধবার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের চলমান সমস্যা সম্পর্কে অবগত আছেন। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা ও ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
সভায় বিটিএমএর সভাপতি শওকাত আজিজ রাসেল শিল্প খাতের প্রধান সংকটগুলো তুলে ধরেন। তিনি নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কমিটির সদস্য ও বিটিএমএ প্রতিনিধিরা শিল্পের সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করেন। বিটিএমএর পক্ষে সংগঠনটির পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ, সাবেক পরিচালক মো. মোশারফ হোসেন এবং প্রকৌশলী রাজীব হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।