হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ওমানের কাছে একটি অস্থায়ী নৌ চলাচল ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ইরান। এতে একমুখী জাহাজ চলাচল পুরোপুরি ইরানি জলসীমার মধ্য দিয়ে এবং বিপরীতমুখী পথের একটি অংশও ইরানের জলসীমায় রাখার কথা বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ তথ্য জানান।
তিনি বলেন, হরমুজের নৌপথ দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করার ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের মতে, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন ব্যবস্থা দেশটির নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে না।
গারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাসকাট ইরানের পাল্টা প্রস্তাব গ্রহণ না করলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ওমান উপকূলসংলগ্ন দক্ষিণ নৌপথকে ইরান কখনো স্বীকৃতি দেয়নি বলেও দাবি করেন তিনি।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) অনুমোদিত ‘ট্রাফিক সেপারেশন স্কিম’ বা টিএসএসও এখন আর মানছে না তেহরান। এই নৌপথের বড় অংশ ওমানের জলসীমায় থাকায় জাহাজগুলোর ওপর প্রয়োজনীয় নজরদারি করা সম্ভব নয় বলে দাবি করেন তিনি।
মাইনের ঝুঁকির কারণে বর্তমানে টিএসএস ব্যবহার করা যাচ্ছে না। এর পরিবর্তে ইরানের উত্তরাঞ্চলীয় এবং ওমানের দক্ষিণাঞ্চলীয় অস্থায়ী নৌপথ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
গারিবাবাদি বলেন, ইরানের প্রস্তাব আধিপত্য বিস্তারের জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। গত ৬০ বছর ধরে টিএসএসের বড় অংশ ওমানের জলসীমায় থাকলেও তেহরান আপত্তি জানায়নি বলে উল্লেখ করেন তিনি।
ওমান আমন্ত্রণ জানালেও হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে তৃতীয় কোনো দেশকে ইরান অনুমতি দেবে না বলেও সতর্ক করেন গারিবাবাদি।
ইরানের প্রস্তাবের বিষয়ে ওমানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
সূত্র: রয়টার্স