দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা আঞ্চলিক সহযোগিতা, সংসদীয় কূটনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
ভারপ্রাপ্ত স্পিকার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। সংস্থাটিকে পুনরায় কার্যকর করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনো রয়েছে।
সার্ক পুনরুজ্জীবনে নেপালকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নেপালের রাষ্ট্রদূতও এ বিষয়ে একমত পোষণ করেন।
নেপালের ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করায় দেশটির স্পিকার দোল প্রসাদ আরিয়ালকে ধন্যবাদ জানান কায়সার কামাল। বাংলাদেশ জাতীয় সংসদেও শিগগির একই ধরনের মৈত্রী গ্রুপ গঠনের আশা প্রকাশ করেন তিনি।
ভারপ্রাপ্ত স্পিকার বলেন, দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে পারস্পরিক সফর, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার সুযোগ বাড়বে।
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে সহযোগিতা আরও বিস্তৃত করা সম্ভব।
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের অগ্রগতিরও প্রশংসা করেন তিনি।
সাক্ষাতে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।