বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
শনিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহায়তা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি যে ভালোবাসা ও আগ্রহ রয়েছে, তা আর্জেন্টিনা গভীরভাবে মূল্যায়ন করে। এই ফুটবলপ্রেমকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আগ্রহও প্রকাশ করেন তিনি।
আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম, বিশেষ করে আর্জেন্টিনা দলকে ঘিরে উচ্ছ্বাস বিশ্বব্যাপী তুলে ধরতে রাষ্ট্রদূতের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ এবং জনসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।