পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে তাঁদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশ থেকে সরিয়ে এসআরবির মহাপরিচালক করা হয়েছে। অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তর থেকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশ থেকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি হিসেবে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ