পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুরাব ও মাস্তুং এলাকায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১০ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী নিহত ব্যক্তিদের ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে।
বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানের দুটি এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়। সুরাবের অভিযানে সাতজন এবং মাস্তুংয়ে আরও তিনজন নিহত হন।
পাকিস্তানি সেনাবাহিনী নিহতদের ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ নামের সশস্ত্র গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করেছে। তবে তাদের পরিচয় বা সংশ্লিষ্টতার বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মাস্তুংয়ের অভিযান থেকে একজন নারী আত্মঘাতী হামলাকারীকে আটক করার দাবি করেছে আইএসপিআর। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের শনাক্ত এবং তাদের অবকাঠামো ধ্বংস করতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বেলুচিস্তানে সক্রিয় কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ভারতের সহায়তা পাচ্ছে। তবে ভারত এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, সশস্ত্র হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।
সূত্র: দ্য ন্যাশন