ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রামে চিকিৎসার অভাবে মৃত্যু বন্ধের আহ্বান জুবাইদার

ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের কোনো গ্রামের মানুষ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান এবং প্রয়োজনীয় সেবা না পেয়ে কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতকের মৃত্যু না ঘটে, এমন মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার, ২৩ জুলাই সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে মারা যাবেন না, কোনো অন্তঃসত্ত্বা মা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হবেন না এবং কোনো নবজাতকের অকালমৃত্যু হবে না, এমন একটি স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

দেশের স্বাস্থ্যসেবাকে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ।

চিকিৎসা পেশায় মানবিকতার গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসক হওয়া শুধু একটি পেশায় প্রবেশ করা নয়। এর সঙ্গে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার দায়িত্বও জড়িত।

তার মতে, একজন চিকিৎসকের সবচেয়ে বড় শক্তি হলো মানবিকতা। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার মধ্যেই চিকিৎসকের পেশাগত জীবনের সার্থকতা রয়েছে।

চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরাই চিকিৎসাশিক্ষার সুযোগ পান। তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।

উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের জন্য যারা বিদেশে যাবেন, তাদের অর্জিত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের স্বাস্থ্যখাতে চিকিৎসকের স্বল্পতা ও শহর-গ্রামের বৈষম্যের কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় দেশে প্রতি হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা এখনও কম।

অধিকাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত থাকলেও দেশের বড় একটি জনগোষ্ঠী গ্রামে বাস করে। ফলে গ্রামীণ এলাকার মানুষ অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা সময়মতো পান না।

শিক্ষাজীবন থেকেই দেশ ও মানুষের সেবার মানসিকতা গড়ে তুললে ভবিষ্যতে এই বৈষম্য কমানো সম্ভব বলে মনে করেন তিনি। নতুন প্রজন্মের চিকিৎসকদের হাত ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন।

বক্তব্যের শুরুতে ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংস্কৃতিচর্চা একজন মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে সহায়তা করে। সংস্কৃতিই মানবসভ্যতার গুরুত্বপূর্ণ ভিত্তি।

অনুষ্ঠানের শেষে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ : চিকিৎসক ডা. জুবাইদা রহমান হলি ফ্যামিলি হাসপাতাল

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

গ্রামে চিকিৎসার অভাবে মৃত্যু বন্ধের আহ্বান জুবাইদার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ