সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে গবেষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে নোটিশটি দেন।
নোটিশে ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দালাল চক্রের প্রতারণা, দক্ষ জনশক্তি তৈরি, গামকা মেডিকেল পরীক্ষায় অনিয়ম, বিএমইটির দুর্নীতি, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দূতাবাসের মাধ্যমে সরাসরি সহায়তা এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের সহায়তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও গবেষণা করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের সমস্যাগুলো অস্বীকার করার সুযোগ নেই। তাদের শুধু কর্মসংস্থান নিশ্চিত করাই নয়, পাশাপাশি সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।
নুরুল হক নুর বলেন, প্রবাসীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং তাদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকারের বিশেষ গুরুত্বের মধ্যে রয়েছে।
তিনি জানান, প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।