সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ চলাচলের বিষয়ে জনসচেতনতা বাড়াতে নোয়াখালীতে সড়ক নিরাপত্তাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের উদ্যোগে মঙ্গলবার, ২২ জুলাই সদর উপজেলার গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
বিআরটিএর বছরব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সেমিনারে বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া শিক্ষক ও অভিভাবকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে সড়ক নিরাপত্তাবিষয়ক সভা ও সেমিনার আয়োজন করা হচ্ছে।
সেমিনারে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন।
তারা ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নিরাপদভাবে সড়ক পার হওয়া এবং পথচারী ও যাত্রীদের করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।
এ ছাড়া গণপরিবহনে নিরাপদ আচরণ, চলন্ত গাড়িতে ওঠানামার ঝুঁকি এবং সড়কে অসতর্কতার কারণে ঘটতে পারে এমন দুর্ঘটনা নিয়েও আলোচনা করা হয়।
শিক্ষক ও অভিভাবকদেরও শিশুদের সড়ক নিরাপত্তা সম্পর্কে নিয়মিত সচেতন করার আহ্বান জানান বিআরটিএ কর্মকর্তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সড়কে চলাচলের সময় নিয়ম মেনে সতর্ক থাকার পরামর্শ দেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।