সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে দেশটির সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পে কয়েক হাজার কোটি ডলারের বিনিয়োগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তিটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে এখনো বেশ কিছু আইনি ও রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রয়োজন রয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত থাকলে প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থার ওপর কার্যকর নজরদারি রাখা সম্ভব হবে। এতে পারমাণবিক প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকিও কমবে বলে তারা মনে করছেন।
তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
চুক্তিটির লক্ষ্য সৌদি আরবের পারমাণবিক খাতে চীন, রাশিয়াসহ অন্যান্য দেশের প্রভাব কমিয়ে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অবস্থান শক্তিশালী করা। বিষয়টি নিয়ে ওয়াশিংটনে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই