যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে দেশটিতে গিয়ে কোন কোন কার্যক্রম করা যাবে না, সে বিষয়ে আবারও সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় ভিসাধারীদের জন্য নিষিদ্ধ কয়েকটি কার্যক্রম তুলে ধরা হয়।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিসা মূলত সাময়িকভাবে যুক্তরাষ্ট্র সফরের জন্য। ব্যবসায়িক প্রয়োজন, পর্যটন, অবকাশযাপন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা কিংবা চিকিৎসার মতো নির্দিষ্ট উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার করা যায়। তবে এ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা অনুমোদনহীন পড়াশোনাসহ কিছু কার্যক্রমে অংশ নেওয়া যায় না।
দূতাবাসের তথ্যমতে, সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রধান উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসায় অনুমোদিত নয়।
একইভাবে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের হয়ে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না। ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে সাধারণ চাকরি বা বেতনভুক্ত কাজে যুক্ত হওয়ারও সুযোগ নেই।
এ ছাড়া কোনো ডিগ্রি অর্জন বা শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ক্রেডিট পাওয়ার উদ্দেশ্যে পড়াশোনা করতে বি১/বি২ ভিসা ব্যবহার করা যায় না। এ ধরনের শিক্ষার জন্য সংশ্লিষ্ট ক্যাটাগরির শিক্ষার্থী ভিসা প্রয়োজন হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বি১ ভিসা সাধারণত সাময়িক ব্যবসায়িক সফরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর আওতায় ব্যবসায়িক বৈঠক, সম্মেলনে অংশগ্রহণ, চুক্তি নিয়ে আলোচনা বা ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে পরামর্শের মতো কার্যক্রম করা যায়।
অন্যদিকে বি২ ভিসা পর্যটন, ছুটি কাটানো, বন্ধু বা আত্মীয়দের সঙ্গে দেখা এবং চিকিৎসার মতো উদ্দেশ্যে ব্যবহার করা হয়। বি১/বি২ যৌথ ভিসায় এই দুই ধরনের অনুমোদিত কার্যক্রমের সুযোগ থাকে।
মার্কিন কর্তৃপক্ষ বলছে, ভিজিটর ভিসা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, নিয়মিত চাকরি বা পূর্ণকালীন প্রাতিষ্ঠানিক পড়াশোনার অনুমতি দেয় না। সফরের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিসা ব্যবহার করতেই আবেদনকারী ও ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।