বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক কমেডি সিনেমা ‘ককটেল’। সাইফ আলী খান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ২০১২ সালের এই চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়।
তবে ছবিটির এক যুগেরও বেশি সময় পর সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। সিনেমার প্রধান পুরুষ চরিত্র ‘গৌতম’-এর জন্য সাইফ আলী খান ছিলেন না পরিচালকের প্রথম পছন্দ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ নিজেই জানান, এই চরিত্রের জন্য প্রথমে রণবীর কাপুর ও ইমরান খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে সাইফ বলেন, ছবির নির্মাতারা প্রথমে মূল চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছিল। কারণ চিত্রনাট্যে নারী চরিত্র দুটি—বিশেষ করে দীপিকা পাডুকোনের ‘ভেরোনিকা’ চরিত্র—এতটাই শক্তিশালী ছিল যে অনেক অভিনেতাই স্ক্রিন শেয়ার করতে অনাগ্রহী ছিলেন।
তিনি আরও জানান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি আগে থেকেই চূড়ান্ত ছিলেন। কিন্তু ভেরোনিকার চরিত্রের আকর্ষণীয় উপস্থিতির কারণে অনেক নায়ক সিনেমাটিতে কাজ করতে রাজি হননি। পরে চিত্রনাট্য তার কাছে এলে তিনি প্রস্তাবটি গ্রহণ করেন।
সাইফ বলেন, “আমি শুনেছিলাম ওরা ইমরান আর রণবীরসহ আরও কয়েকজনকে প্রস্তাব দিয়েছিল। পরে আমি ভাবলাম, ঠিক আছে, আমি করি। কাজটা করতে গিয়ে আমি দারুণ উপভোগ করেছি।”
হালকা রসিকতার সুরে তিনি আরও বলেন, ছবিটি করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি নিজেও নির্মাতাদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করেন।
পরিচালক হোমি আদাজানিয়ার সঙ্গে সাইফ আলী খানের এটি ছিল দ্বিতীয় বড় কাজ। এর আগে ২০০৫ সালের ‘বিইং সাইরাস’ ছবিতেও তারা একসঙ্গে কাজ করেছিলেন। ‘ককটেল’-এ গৌতম চরিত্রটি জটিল ও দ্বিধাগ্রস্ত হলেও সাইফ তার অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে নতুন মাত্রা দেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ককটেল ২’, যা নিয়েও দর্শকমহলে আলোচনা চলছে।
সূত্র: ভ্যারাইটি ইন্ডিয়া