ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান এবং চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ১৪ অক্টোবর রাজধানীর গুলশান নিকেতনের বাসায় তিনি হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় (ব্রেন স্ট্রোক) আক্রান্ত হন। ওই রাতেই তাঁকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে তিনি মারা যান।
ঢাকায় বুধবার বাদ ফজর মরিয়ম বেগমের প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও প্রকাশ্য উপস্থিতি থেকে নিজেকে আড়ালে রেখেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি। তাঁর মায়ের আকস্মিক মৃত্যুর খবরে পুরো চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্যসমূহ