বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকেরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কারস্টেন।
এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয় বৈঠকে।
ইউরোপীয় কূটনীতিকেরাও বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ