অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা ও সাংবাদিকতার ক্ষেত্রে নিবন্ধনের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার সাংবাদিকতার পরিবেশ আরও স্বাধীন ও সহজ করতে চায়। তবে যে কেউ ইচ্ছা করলেই অনলাইন সংবাদমাধ্যম চালু করতে পারবেন না। নিবন্ধনের প্রক্রিয়া সহজ করা হলেও নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করার সুযোগ থাকবে না।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
সাংবাদিকতার স্বাধীনতা ও অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, “আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই ছিল তথ্য মেলা ও আলোচনা সভার উদ্দেশ্য।
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, “প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না।”
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর ভাষায়, আওয়ামী লীগের উপস্থিতি এখন মূলত ফেসবুকেই সীমাবদ্ধ।
জাহেদ উর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে দেশে অবস্থানরত দলটির পলাতক নন, এমন নেতাকর্মীদেরও বিপদের মুখে ফেলছেন।
তিনি আরও অভিযোগ করেন, দলটির সংশ্লিষ্ট ব্যক্তিরা অগ্নিসংযোগসহ সহিংস কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের খুঁজছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকতা বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অনলাইন সংবাদমাধ্যম চালু এবং সাংবাদিকতা করার ক্ষেত্রে নিবন্ধনের বাধ্যবাধকতা বজায় রাখার অবস্থান জানান তিনি।














মন্তব্যসমূহ