ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বক্তব্য শোনা সমীচীন নয়। তাঁর বিতর্কিত ও ভ্রান্ত মতাদর্শ সম্পর্কে সতর্ক করে তিনি বলেছেন, দারুল উলুম দেওবন্দের আপত্তি পুরো তাবলিগ জামাতের বিরুদ্ধে নয়; বরং নির্দিষ্ট ব্যক্তির কিছু বক্তব্য ও চিন্তাধারার বিরুদ্ধে।
গত ২৩ নভেম্বর (সোমবার) দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিসের দরসে সহিহ বুখারি পাঠদানকালে মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরে তাঁর বক্তব্যের প্রেক্ষাপট নিয়ে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হওয়ায় ২৪ নভেম্বর (মঙ্গলবার) এক অডিও বার্তায় নিজের অবস্থান আরও স্পষ্ট করেন তিনি।
অডিও বার্তায় মুফতি আবুল কাসেম নোমানি বলেন, ‘আজ দাওরায়ে হাদিসে আমার বক্তব্যকে কিছু মানুষ পুরো তাবলিগ জামাতের বিরোধিতার দিকে নিয়ে যাচ্ছেন। এটি সঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের পুরো মতবিরোধ একজন নির্দিষ্ট ব্যক্তির ভ্রান্ত ও ভুল মতাদর্শ নিয়ে। এসব চিন্তাধারার বিস্তার রোধ করতে এবং সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে।’
মাওলানা সাদ কান্ধলভীর বক্তব্য শোনা প্রসঙ্গে মুফতি আবুল কাসেম নোমানি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমার সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন মতামত হলো, সাধারণ মানুষের জন্য এখন মাওলানা মুহাম্মদ সাদের বক্তব্য শোনা আর সমীচীন নয়।’
দারুল উলুম দেওবন্দের অবস্থান নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানটি কোনো খণ্ডিত ভিডিও ক্লিপ কিংবা বাছাই করা বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়নি। বরং মাওলানা সাদের পূর্ণাঙ্গ বক্তব্যগুলো বিস্তারিতভাবে শুনে, যথাযথ সতর্কতা ও পর্যালোচনার পর এ বিষয়ে অবস্থান নির্ধারণ করেছে।
এ প্রসঙ্গে তিনি আরও জানান, বিরোধের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত পুরো ঘটনার বিবরণ, সংশ্লিষ্ট বক্তব্য ও অন্যান্য বিষয় সাত থেকে আট খণ্ডে সংকলন করে দারুল উলুম দেওবন্দের সংরক্ষণাগারে রাখা হয়েছে।
মুহতামিমের বক্তব্যে আরও উঠে আসে, বিতর্কিত বক্তব্য ও মতাদর্শ সংশোধনের আন্তরিক প্রচেষ্টার পরিবর্তে কিছু ব্যক্তি আলেম-উলামাকে চ্যালেঞ্জ করা, তাঁদের হেয় করা ও অসম্মান করার মতো আচরণ করছেন। পাশাপাশি এসব বক্তব্য ও মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে বায়আত গ্রহণের বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর মাওলানা সাদ কান্ধলভীর কিছু বক্তব্য ও চিন্তাধারা সম্পর্কে দারুল উলুম দেওবন্দ একটি সম্মিলিত অবস্থান প্রকাশ করে। সেখানে তাঁর কিছু বক্তব্যকে ভুল, আপত্তিকর ও শরিয়তের স্বীকৃত নীতিমালার পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, দেশ-বিদেশ থেকে এ বিষয়ে বিভিন্ন চিঠি ও প্রশ্ন পাওয়ার পর জ্যেষ্ঠ উস্তাদ ও মুফতিদের পরামর্শক্রমে এ অবস্থান গ্রহণ করা হয়েছে।
দেওবন্দের ওই অবস্থানে তাবলিগের মেহনতকে আকাবিরদের প্রতিষ্ঠিত পদ্ধতি ও নীতিমালার আলোকে পরিচালিত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিতর্কিত বক্তব্য ও ভুল মতাদর্শ থেকে সাধারণ মুসলমানদের সতর্ক করার বিষয়টিকে দ্বীনি দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মুফতি আবুল কাসেম নোমানির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, দারুল উলুম দেওবন্দের আপত্তিকে পুরো তাবলিগ জামাতের বিরুদ্ধে অবস্থান হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। বরং প্রতিষ্ঠানটির আপত্তি মাওলানা সাদ কান্ধলভীর নির্দিষ্ট কিছু বিতর্কিত বক্তব্য ও মতাদর্শকে কেন্দ্র করে।














মন্তব্যসমূহ