গঙ্গার পানি বণ্টন চুক্তি নতুন করে করার পরিবর্তে বিদ্যমান চুক্তিই নবায়ন করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে ভারত সরকারকে পাঠানো চিঠির রাজনৈতিক ও কূটনৈতিক জবাব পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে, নাকি নতুন চুক্তির উদ্যোগ নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের অগ্রাধিকার বর্তমান চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা। সে লক্ষ্যেই ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার।
শামা ওবায়েদ বলেন, “যে চুক্তি রয়েছে সেটা আমরা কন্টিনিউ করতে চাইছি। নবায়ন হবে এবং সেটা অবশ্যই তাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি।”
গঙ্গা চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন্যই চুক্তিটি গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ হিসেবে ভারতও বিষয়টির তাৎপর্য সম্পর্কে অবগত রয়েছে বলে তিনি মনে করেন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের পাঠানো চিঠির জবাব ভারত রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেবে। তাঁর মতে, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে দরকষাকষির পরিবর্তে আলোচনার টেবিলে বসা প্রয়োজন।
চুক্তি নবায়নের বিষয়ে আলোচনার অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, “আগে তো বসতে হবে, বসাই তো হয়নি। বসলে চুক্তি নবায়ন হবে না নতুন চুক্তি হবে সেটা আলোচনা হবে। আমরা চাই যে যে চুক্তি ছিল সেটাই আবার নবায়ন হোক। নতুন চুক্তি হওয়ার তো সুযোগ এখানে আসছে না।”
চলতি বছরের মধ্যেই গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো সময়সূচি জানাননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, যথাসময়ে দুই দেশের প্রধানরা আলোচনায় বসবেন এবং যথাসময়ে সমস্যাগুলোর সমাধান হবে।
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের চাওয়া অন্য ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়টিও উঠে আসে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্য অপরাধীদের দেশে ফেরাতে বাংলাদেশ কয়েক দফা চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি ব্যাখ্যা করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে আনতে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে বলেও স্বীকার করেন তিনি।
তবে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রত্যর্পণের প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন শামা ওবায়েদ।
প্রতিমন্ত্রী বলেন, “কিন্তু ভারতের সরকারের যদি সদিচ্ছা থাকে, রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে তারা এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে পারে।”
এ প্রসঙ্গে হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি যাঁরা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত হয়ে ভারতে পালিয়ে আছেন, তাঁদেরও ফেরত আনার ওপর গুরুত্ব দেন।
শামা ওবায়েদ বলেন, “আমরা আশা করব যে, ভারত এই প্রক্রিয়াটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে, একটু ত্বরান্বিত করবে।”
গঙ্গা চুক্তি নবায়ন এবং বাংলাদেশে বিচার বা সাজা কার্যকরের জন্য চাওয়া ব্যক্তিদের প্রত্যর্পণ, দুই ক্ষেত্রেই ভারতের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।














মন্তব্যসমূহ