কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থ পাচার, ব্যাংক লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলে এসব অপরাধের বিচার নিশ্চিত করার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আগে তাঁদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এরপর দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জনগণ সিদ্ধান্ত নেবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ড, গুম এবং বিচারবহির্ভূত হত্যার ঘটনাও ঘটেছে। এসবের বিচার না করে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবার দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জাতিসংঘের হিসাব উল্লেখ করে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগ তোলেন। তাঁর দাবি, এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাঁদের আগে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং জনগণের কাছে নিজেদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে হবে।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, “বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এ দেশে চলবে কি না।”
দেশের আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান। আদালত যে রায় দিয়েছেন, সে রায় বাস্তবায়ন হোক।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা গণহত্যা, ব্যাংক লুট, গুমসহ বেআইনি কর্মকাণ্ডের অভিযোগগুলোর বিচার আগে সম্পন্ন হওয়া প্রয়োজন। এসব ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা নিয়েও কথা বলেন ইয়াসের খান চৌধুরী। বিশেষ করে ফটোসাংবাদিকদের কাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকদের লেখনী যেমন শক্তিশালী, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরাও সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে গণমাধ্যমের কাজের ধরন বদলে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকদের কাজের পরিধি বাড়ছে। ফটোসাংবাদিকরাও এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন।
গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের ভোটাধিকার বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জনগণের পক্ষে অবস্থান নেওয়া এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি ও পেশাগত সমস্যার বিষয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। ইয়াসের খান চৌধুরী জানান, সংগঠনের দাবিগুলো লিখিতভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা কিংবা সংকটে সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
এ ছাড়া বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অন্যরা বক্তব্য দেন।














মন্তব্যসমূহ